🧪 এটি একটি বিটা ওয়েবঅ্যাপ — বাগ থাকা স্বাভাবিক। আমরা উন্নতিতে কাজ করছি।

বাগেরহাটে অস্ত্রের মুখে মুঠোফোনে আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ পরিবেশকের এক কর্মীর (ডিএসও) কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বৈটপুর ইউনিয়নের হেরেমের মোড় থেকে ভদ্রপাড়া খেয়াঘাটের পথে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় থাকা দুটি সিসিটিভির ফুটেজে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে করে ছয়জন আগে থেকেই হেরেমের মোড়ে অবস্থান করছিলেন। বিকাশের কর্মী সানি জাবির (৩৫) ওই পথ ধরে যাওয়ার পর পেছন থেকে তাঁরা রওনা হন।
বাগেরহাট সদরে বিকাশের পরিবেশক জাবেদ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক হুমায়ুন কবীর কুদরতী প্রথম আলোকে বলেন, স্থানীয় এজেন্টদের প্রয়োজনীয় নগদ টাকা ও ই-মানির জোগান দেন সানি জাবিরসহ অন্য কর্মীরা। আজ সকালে অফিস থেকে ব্যাগে নগদ তিন লাখ টাকা নিয়ে মোইরসাইকেলে করে ওই এলাকায় যান সানি। এ সময় পেছন থেকে আসা তিনটি মোটরসাইকেলে ছয় ব্যক্তি তাঁর পথ রোধ করেন। তাঁরা চাপাতি দিকে তাঁকে কোপাতে যান। অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাগ, একটি মুঠোফোন ছিনতাই করে মোটরসাইকেলে তাঁরা দ্রুত সেখান থেকে পালিয়ে যান।
এ ঘটনায় আজ দুপুরে হুমায়ুন কবীর কুদরতী বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
এর আগে গত মঙ্গলবার বাগেরহাটের ডাচ্–বাংলা ব্যাংক থেকে সাত লাখ টাকা তুলে বারাকপুরে যাওয়ার পথে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে ছিনতাইয়ের শিকার হন এক ব্যক্তি। সেদিন দুপুরের আগে শহরের আল-ইসলাহ মোড়ে ডিবি পরিচয়ে চার-পাঁচজন দুর্বৃত্ত ব্যাংক এজেন্টের কর্মী মো. সাজ্জাদকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পথে মারধর করে কাছে থাকা টাকা নিয়ে মোল্লাহাটের আগে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে তাঁকে ফেলে যায়। এ ঘটনায় ভুক্তিভোগী থানায় অভিযোগ করেছেন।
দুটি ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার বা শনাক্ত করতে পারেনি। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। আশা করি, দ্রুতই ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তার সম্ভব হবে।’